ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চিহ্নমেলা মুক্তবাংলা: রাবিতে দুই বাংলার সাহিত্যিকদের মিলনমেলা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১৫ অক্টোবর ২০২২
চিহ্নমেলা মুক্তবাংলা: রাবিতে দুই বাংলার সাহিত্যিকদের মিলনমেলা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের কলকাতার লেখক-পাঠক-সম্পাদকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’। আগামী সোমবার ও মঙ্গলবার সাহিত্য পত্রিকা চিহ্নর আয়োজনে দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক অধ্যাপক শহীদ ইকবাল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শহীদ ইকবাল বলেন, এই আয়োজনে দেশ ও দেশের বাইরের দুই শতাধিক লিটলম্যাগ এবং পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সম্মেলন ঘটবে। আগামী রোববার বিকেলে ফানুস উড়িয়ে দুই দিনব্যাপী মেলার প্রাক আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

Advertisement

মেলার উদ্বোধন ও অনুষ্ঠানসূচি বিষয়ে তিনি বলেন, সোমবার সকালে শোভাযাত্রা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রসিদ্ধ লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। শোভাযাত্রা শেষে রাত পর্যন্ত বিভিন্ন বিষয়ে আড্ডা, মুক্তভাষণ, গল্প ও কবিতাপাঠ এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলার দ্বিতীয় দিনও বিভিন্ন বিষয়ে আড্ডা, গ্রন্থ ও পত্রিকার মোড়ক উন্মোচন, প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হবে। সমাপনী সন্ধ্যায় বিভিন্ন শ্রেণিতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান মেলার আহ্বায়ক। 

অধ্যাপক শহীদ ইকবাল আরো জানান, এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ সম্মাননা পাবেন বাংলাদেশের পত্রিকা ‘তৃতীয় চোখ’ ও ভারতীয় পত্রিকা ‘নৌকো’। এদিনের সাংস্কৃতিক আয়োজনে থাকছে হাসান রাজার বাঁশি, গানের দল ‘মাতাল’-এর পরিবেশনা ও শ্রদ্ধা নাগের ধ্রুপদী নৃত্যায়োজন।

মেলার নামকরণের বিষয়ে শহীদ ইকবাল বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত মেলার নাম ছিল ‘বিশ্ববাংলা’, ২০১৯ সালে ছিল ‘চিরায়ত বাংলা’ আর এবারে নাম দেওয়া হয়েছে ‘মুক্তবাংলা’। চেতনাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য শিরোনাম আলাদা দিলেও, মূল বিষয়টা একই আছে। আগামী মেলার নামও হয়তো আলাদা হবে।

প্রসঙ্গত, ২০১১ থেকে ‘চিহ্ন’ সাহিত্য পত্রিকা লেখক-পাঠক-সম্পাদকের এই বৈশ্বিক সম্মেলন আয়োজন করে চলেছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৬, ১৭ ও ১৮ অক্টোবর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে ‘চিহ্নমেলা মুক্তবাংলা’।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!