৮১৭ প্রার্থীর নিয়োগ ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যাদের ওই সময়ের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব হবে না, তাদের বিষয়টি পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ কথা বলেন তিনি।
.png)
মন্ত্রী জানান, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৮১৭ জন বাকি রয়েছেন। তাদের বিষয়ে ধাপে ধাপে যাচাই চলছে। ভেরিফিকেশন ও ঠিকানা-সংক্রান্ত তথ্য পাওয়ার পর নিয়োগের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়।
মন্ত্রী আরও জানান, নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। যেসব প্রার্থীর যাচাই এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে। এ কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।
এর আগে ২৬ সেপ্টেম্বরও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলে তার বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।