সৌদিতে আটকে থাকা ৩০ লাখ রিয়াল ফেরত চায় হাব
চলতি বছরের হজ কার্যক্রম শেষে হজ এজেন্সিগুলোর আইবিএএন (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর) হিসাবে থাকা প্রায় ৩০ লাখ সৌদি রিয়াল আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি সরকার এই অর্থ আটকে দিয়েছে বলে দাবি করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হজ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
.png)
ফরিদ আহমেদ মজুমদার বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম শেষ হওয়ার পর এজেন্সিগুলোর আইবিএএন হিসাবে থাকা অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়ায় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রায় ৩০ লাখ রিয়াল আটকে দিয়েছে। চিকিৎসা ব্যয়ের কথা বলে এই অর্থ দাবি করা হয়েছে বলেও জানান তিনি।
হাব মহাসচিবের দাবি, হজ চুক্তিতে কিংবা আগে কোনো পর্যায়ে বাংলাদেশ সরকার, হজ এজেন্সি বা হজযাত্রীদের এ ধরনের অর্থ দাবির বিষয়ে জানানো হয়নি। হঠাৎ করে এ সিদ্ধান্ত নেওয়ায় তারা বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে আটকে থাকা ৩০ লাখ রিয়াল দ্রুত ছাড় করানোর উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
ফরিদ আহমেদ মজুমদার আরও বলেন, বর্তমানে কোনো হজযাত্রী চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ পরিশোধ করবেন না। সরকারের উদ্যোগে বিষয়টির সমাধান না হলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আপৎকালীন তহবিল থেকে অর্থ পরিশোধের দাবি জানান তিনি।
হাব মহাসচিবের ভাষ্য, হজযাত্রীরা এ অর্থ পরিশোধ করবেন না এবং এজেন্সিগুলোর পক্ষেও এত বড় অঙ্কের অর্থ বহন করা সম্ভব নয়।