শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২’। মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহায়তা ও শেকৃবি ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রতিযোগিতা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনের শিরোনাম ‘মুক্তচিন্তা প্রস্ফুটিত থাকুক যুক্তির কথামালায়’।
প্রতিযোগিতার প্রাথমিক ট্যাব পর্ব ২৯ অক্টোবর অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ড এ আয়োজিত হবে। এদিন বাংলাদেশ থেকে ৩২টি বিতর্ক দল নিয়ে অনলাইনে ট্যাব পর্বের ৪টি বিতর্ক তথা প্রতি পর্বে ১৬টিসহ মোট ৬৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১৯২ জন বিতার্কিক যুক্ত থাকবেন।
.png)
প্রতিযোগিতার সমাপনী পর্ব ও ফাইনাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ে অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। পরবর্তীতে পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দল নিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের বিতর্ক।
৫ নভেম্বর ২০২২ তারিখে দুইটি অধিবেশনে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। প্রথম অধিবেশনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা কৃষি অনুষদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অধিবেশনটি হবে দুটি পর্বে বিভক্ত হয়ে; প্রথম পর্বে, ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে, ‘কৃষিতে নারীর ভূমিকা ও লিঙ্গবৈষম্য’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ আয়োজন নিয়ে শেকৃবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো নূর ইসলাম মাহমুদ ডেইলি বাংলাদেশ কে বলেন, মুক্ত চর্চার বিকাশকে শানিত করা এবং বির্তককে স্বতন্ত্র জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত করার যে মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, এরই ধারাবাহিকতায় বিশ্বগ্রামীণ নারী দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ‘কৃষিতে নারীর ভুমিকা এবাং লিঙ্গ বৈষম্য শীর্ষক’ আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।