ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জমকালো আয়োজনে পর্দা নামল কুবির প্রত্নতত্ত্ব সপ্তাহের

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৩ নভেম্বর ২০২২
জমকালো আয়োজনে পর্দা নামল কুবির প্রত্নতত্ত্ব সপ্তাহের
ছবি: ডেইলি বাংলাদেশ

নাচ-গান, আবৃত্তি ও অভিনয়ের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়ে গেল প্রত্নতত্ত্ব বিভাগের নবীনবরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা। 

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রত্নতত্ত্ব সপ্তাহ শেষ হয়। 

প্রত্নতত্ত্ব বিভাগের সংযোগী সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির উদ্যোগে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা।

Advertisement

এরআগে সন্ধ্যা সাড়ে ৬টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগের প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২ এর আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সন্ধ্যা। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশেষ অতিথির বক্তব্যে কুবি উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, আপনারা এখন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। জীবনে যতদিন বেচে থাকবেন এ বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে থাকবেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আবদুল মঈন বলেন, বিদায় অবশ্যই একটা বেদনার ব্যাপার কিন্তু এখানে একটা ভালো দিক হলো তোমরা সফলভাবে এ জার্নি শেষ করেছ। তোমাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই কারণ এটা একটা কঠিন পথ। তোমরা তোমাদের এ অর্জনকে ছড়িয়ে দাও। 

 শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।

আলোচনা সভা শেষে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন বিভাগের শিক্ষক, আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির ভিপি মেহেদী হাসান মুরাদ, জিএস রাজীব খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সপ্তাহের শুরুতে প্রত্নতত্ত্ব বিভাগ বিভিন্ন খেলাধুলা আয়োজন করে। এরমধ্যে গত রোববার বিভাগটির প্রত্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!