বিনা ছুটিতে বিদেশে অবস্থান করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষককে চাকরীচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
উপাচার্য বলেন, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ছুটি শেষেও দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় চারজন শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরীচ্যুত চার অধ্যাপক হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবার অংশগ্রহণ থাকা জরুরি। সবার অংশগ্রহণ থাকলে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। যারা এখনও অননুমোদিত ছুটিতে আছেন, আমি তাদেরকে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য বলব। অন্যথায় বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় একই কারণে আরো তিন শিক্ষককে চাকরীচ্যুত করা হয়।
তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আনন্দ কুমার ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম।