খুবিতে চতুর্থ মেধা তালিকায় ভর্তি শেষ আজ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চতুর্থ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শেষ হবে আজ শনিবার (১০ ডিসেম্বর)। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে কার্যক্রম ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ku.ac.bd/undergraduate ইউনিট ও স্কুল অনুযায়ী চতুর্থ মেধা তালিকাসহ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এফোর সাইজের খামে করে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীর পছন্দের তালিকায় একাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও যেকোনো একটিতে ভর্তি হতে হবে। একটিতে ভর্তি হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে আগেরটিতে ভর্তির জন্য বিবেচিত হবে না।