ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুক্রবার, বুকলেটে দিতে হবে উত্তর

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ২৯ ডিসেম্বর ২০২২
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুক্রবার, বুকলেটে দিতে হবে উত্তর
ছবি: প্রতীকী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৩০ ডিসেম্বর)। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

জানা যায়, পঞ্চম শ্রেণির ২০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। প্রশ্নপত্র সংবলিত বুকলেটে এ পরীক্ষা নেয়া হবে। বুকলেটের নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সব প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।

এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫শ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩শ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বৃত্তি পরীক্ষার বুকলেট মূল্যায়ন নিয়ে অধিদফতর জানিয়েছে, দ্রুততম সময়ে বুকলেট মূল্যায়ন করতে হবে, তাই ১০০টি বুকলেট একজন পরীক্ষক মূল্যায়ন করবেন। একজন পরীক্ষক প্রতিটি বুকলেটের চারটি বিষয়ই মূল্যায়ন করবেন। জেলা কমিটির নির্ধারিত স্থানে বুকলেট মূল্যায়ন করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো মার্কিং স্কিম ও নির্দেশনা অনুসারে বুকলেট মূল্যায়ন করাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!