ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছ ভর্তি: পাঁচ মাসেও ক্লাস শুরু হয়নি কুবিতে

কুবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৪:৩৮, ১৪ জানুয়ারি ২০২৩
গুচ্ছ ভর্তি: পাঁচ মাসেও ক্লাস শুরু হয়নি কুবিতে
ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও আজও ক্লাস শুরু করতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গত ৭ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে এরই মধ্যে অষ্টম মেরিট লিস্ট দিয়েও এক হাজার শিক্ষার্থীও ভর্তি হয়নি। ফলে পাঁচ মাস পেরিয়ে গেলেও ক্লাস শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের জুলাই ও আগস্ট মাসে গুচ্ছ পদ্ধতিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর দ্রুতই ফলাফল প্রকাশ করা হলেও এখনও ভর্তি কার্যক্রম শেষ হয়নি। এমনকি আটটি মেরিট লিস্ট প্রকাশ করেও মোট আসনের সম পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়নি।
 
জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে ১৯টি বিভাগে ১ হাজার ৪০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৮৪২ জন। আসন খালি রয়েছে ১৯৮টি।

এদিকে গুচ্ছ পদ্ধতির আগে কয়েকবছর ধরে নতুন বছর প্রথম দিন থেকেই ক্লাস শুরু করে আসছে বিশ্ববিদ্যালয়টি। গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত হওয়ার পর ২০২০-২১ সেশনের ক্লাস শুরু করতে সময় লাগে দুই মাস। কিন্তু এ বছর প্রায় ছয় মাসেও চূড়ান্ত ভর্তি শেষ এবং ক্লাস শুরু করা যায়নি। এমতাবস্থায় দীর্ঘ সেশনজট সৃষ্টির আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Advertisement

শিক্ষার্থীরা জানান, ইউজিসি জানুয়ারিতে ক্লাস শুরুর নির্দেশনা দিলেও ক্লাস শুরু করা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রায় প্রথম সেমিস্টার শেষের দিকে। অথচ কুবিতে ক্লাস কবে শুরু হবে তা বলতেও পারছে না। এভাবে চললে অনেক বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে থাকতে হবে। 

গুচ্ছ ভর্তির কুবি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. সাইফুর রহমান জানান, অষ্টম মেরিট লিস্ট পর্যন্ত ৮৪২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনও ১৯৮টি সিট খালি রয়েছে। 

শিক্ষকরা মনে করেন, এ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়ার কারণে আরো বেশি ধীরগতির, তাই ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে সেশনজটের শঙ্কা ও অতীতের সুনাম নষ্ট হতে পারে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, এটা তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কেন্দ্রীয় গুচ্ছ কমিটি যখন বলবে তখন ক্লাস শুরু করব। এই বিষয়ে ভিসি স্যাররা একটা মিটিং করবে তখন জানতে পারব।

কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা ক্লাস শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শীঘ্রই ভর্তি সম্পূর্ণ করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!