রাবিতে চক্ষু গবেষণা বিষয়ক সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চক্ষু গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা গ্রুপ ‘বাইওমি’ সেমিনারটি আয়োজন করে।
সেমিনারে বায়োমেডিকেল ও বায়োমেট্রিকস প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় উপায়ে চোখের রেটিনা বিভিন্ন ডাটা সংগ্রহ এবং রোগ নির্ণয়ের মাধ্যমে অঙ্কুরেই তা সমাধানে কাজ করা বিষয়ে আলোচনা হয়।
জানা যায়, বিশ্বে চক্ষু রোগীর থেকে চিকিৎসক খুবই কম। তাই রেটিনা ভিত্তিক একটি বায়োমেডিকেল এবং বায়োমেট্রিক স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা রেটিনার বিভিন্ন জটিলতা সমাধানে একটি উন্মুক্ত ডাটাবেজ তৈরি সহজ হবে। যেটা বিশ্বে যুগান্তকারী আবিষ্কার হবে বলে মনে করেন গবেষকেরা।
সেমিনারে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, চোখ দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ। যেটা ছাড়া মানুষ অনেকটা অচল। বিভিন্ন সমস্যা কিংবা বয়স বৃদ্ধির সঙ্গে রেটিনার ওপর প্রভাব পড়তে পারে। তবে সেটা সবার গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তাছাড়া আমাদের গবেষকেরা রেটিনা সমস্যাটা অঙ্কুরেই চিহ্নিত করে তা সমাধানে কাজ করছেন, যেটা খুবই আশাব্যঞ্জক দিক।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুব্রত প্রামাণিকের সভাপতিত্বে সেমিনারে রিসার্চ গ্রুপের সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. সঙ্গীতা বিশ্বাসসহ অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘বাইওমি’ হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক গবেষক এবং চক্ষু বিশেষজ্ঞ গণের সমন্বয়ে গঠিত একটি রিসার্চ গ্রুপ।