বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বার্ষিক প্রতিবেদন ও অর্থ সম্পাদক রুমান হাফিজ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব এ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন রাশেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ড. শহীদুল হক। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ওমর ফারুক, সুজন ঘোষ, হুমায়ুন মাসুদ, বাইজিদ ইমন, ইমরান হোসাইন, সাবেক সহসভাপতি মাসুদ ফারহান অভি, আবদুল কাইয়ুম এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তাসনীম হাসান ও জুবায়ের চৌধুরী।
.png)

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন রাশেদ মোস্তফা বলেন, সাংবাদিকতার ইতিহাস অনেক পুরনো। সাংবাদিকতা একটি গবেষণা। সাংবাদিকদেরও গবেষকদের মতো অনেক তথ্য সংগ্রহ করতে হয়। এই পেশার প্রধান দক্ষতা প্রচণ্ড পরিশ্রম করার ক্ষমতা। এগুলো জেনেই সাংবাদিকতায় আসতে হয়। এখানে ভয় থাকবে, ক্ষতির আশংকা থাকবে। সব কিছুকে জয় করে দেশ ও জাতির জন্য কলমকে হাতিয়ার বানিয়ে লড়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, কাজের ক্ষেত্র একই হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সম্পর্ক সবচেয়ে বেশি থাকে। আমরা সবসময়ই চেষ্টা করেছি সমিতির যেকোনো প্রয়োজনে পাশে থাকতে। এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। আপনারা লিখালিখি করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের সাহায্য করবেন। আমাদের যেকোনো ভুল ধরিয়ে দিবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ড. শহীদুল হক বলেন, আমরা প্রায় সময়ই দেখি সাংবাদিকরা অন্যদের নিউজ কপি করে। একটু আধটু পরিবর্তন করে পাঠিয়ে দেয়। সাংবাদিকদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আরো বেশি অনুসন্ধানী হতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, চবিসাসের সাবেক সভাপতি হামিদ উল্লাহ, সাধারণ সম্পাদক সবুর শুভ, শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয় নাফাক, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, শাখা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান দিনার, সহসভাপতি জাহেদ আওয়াল।