ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সবুজ শিক্ষাঙ্গনে হলুদ বিছানা

আবুল বাশার মিরাজ, বাকৃবি
প্রকাশিত: ১৭:৩৪, ২৩ জানুয়ারি ২০২৩
সবুজ শিক্ষাঙ্গনে হলুদ বিছানা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: ডেইলি বাংলাদেশ

চলছে মাঘের শীত। কুয়াশায় মোড়ানো প্রকৃতি। চারিদিকে বিরাজ করছে শীতের আবহ। সবুজ ক্যাম্পাস পরিবর্তিত রূপে ধরা দিয়েছে হলুদের বিশাল সমারোহ। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্তবিস্তৃত হলদেবরণ সরিষার ফুলে ফুলে। দিগন্তজোড়া হলদে রঙের সেই সরিষা ফুলের সৌন্দর্যে ভরা ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। মাঠের আইল দিয়ে দীর্ঘক্ষণ হাঁটাও যাবে এ হলুদের বিছানায়, তবে ক্ষেতের ভিতরে ঢুকলেই বেজে উঠবে প্রহরীর সংকেত বাঁশি।

ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিশেষ করে কৃষিতত্ত্ব মাঠের বিশাল সরিষাক্ষেত হলুদে রূপ নিয়েছে। বিশাল ফসলি মাঠে হলুদের বিছানা দেখতে প্রতিদিনই শত শত পর্যটক ছুটে আসছে। এখানে গেলে আপনারও মনে হতেও পারে একজন সরিষা ফুলের মধু আহরণকারী মৌমাছি কিংবা প্রজাপতি। সরিষা ক্ষেতের মধ্যে দাঁড়ালে তার ঘ্রাণ আপনাকে মুগ্ধ করে দিবে। কারণ, দিনের বেলায় সরিষাক্ষেতে থাকে প্রচুর অক্সিজেন। মিষ্টি গন্ধ ভুলিয়ে দিবে শহুরে জীবনযাপনের বিরক্তি। 

প্রকৃতিপ্রেমীরা সরিষার হলুদের ডাকে ছুটে আসছেন অপরূপ এই দৃশ্যকে আলিঙ্গন করতে। ছবি: ডেইলি বাংলাদেশ

সরিষা ক্ষেতের একটু কাছে গেলেই দেখতে পাবেন নানা রঙের প্রজাপতিতে ভরে আছে সরিষা ক্ষেত। রঙ-বেরঙের প্রজাপতি ডানা ঝাপটানো চিত্তে জাগাবে নতুন আনন্দ। কোথাও ঝলক দিয়ে উঠছে কালো ডানায় হলুদ-লালের মিশ্রণ, নীল, সবুজ, লাল-নীলের ডোরাকাটা বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। প্রজাপতিরা এখানে আসে বিশ্রাম নিতে।

প্রতিদিনই হাজারো প্রকৃতিপ্রেমীরা সরিষার হলুদের ডাকে ছুটে আসছেন অপরূপ এই দৃশ্যকে আলিঙ্গন করতে। ডিএসএলআর কিংবা ফোনের ক্যামেরায় নিজেদের বন্দী করে নিচ্ছেন ক্যাম্পাসের হলুদ বিকেলের পরিবেশকে। কেউ আবার দলগত ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রকৃতির প্রতি ভালোবাসাও প্রকাশ করছেন। 

প্রতিদিনই হাজারো দর্শনার্থী ক্ষেতে ভিড় করছেন। ছবি: ডেইলি বাংলাদেশ

তবে হলুদের মাঠটি গবেষণার মাঠ হওয়ায় এটি পাহারা দিয়ে থাকেন প্রহরী (গার্ড)। তাকে জিজ্ঞেস করতেই তিনি জানান, দর্শনার্থীরা ছবি তোলার নাম করে ক্ষেতের ভেতরে ঢুকে সরিষা নষ্ট করে ফেলেন। ময়মনসিংহ শহরের কাছাকাছি ক্যাম্পাস এলাকা হওয়ায় প্রতিদিনই হাজারো দর্শনার্থী ক্ষেতে ভিড় করছেন। তিনি এখানে আগত পর্যটকদের সরিষার ক্ষেতের ভিতরে না গিয়ে কেবল আইল ধরে ঘুরে বেড়ানোর অনুরোধ জানিয়েছেন।

দেখা হয়ে যায় কিশোরগঞ্জ থেকে ঘুরতে আসা মজনু মিয়ার সঙ্গে। প্রকৃতির অপরূপ দৃশ্যের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করতে কিশোরগঞ্জ থেকে এসেছি। মূলত সবুজ ক্যাম্পাস ঘুরতে এসেছিলাম। ক্যাম্পাসের বাহারি রঙের ফুলের সঙ্গে বিশাল ফসলি মাঠও হলুদে সেজেছে তা দেখে খুবই ভালো লাগছে, এটি তার জন্য একটি বাড়তি পাওয়া বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!