ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নবীনদের পদচারণায় মুখর কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৩ জানুয়ারি ২০২৩
নবীনদের পদচারণায় মুখর কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ

স্কুল ও কলেজের পাঠ্যক্রম শেষে একজন শিক্ষার্থীর স্বপ্ন থাকে উচ্চশিক্ষা অর্জন। সে উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের প্রথম স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের লালমাটির ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবার উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে ১ হাজার ৪০ শিক্ষার্থী। সোমবার (২৩ জানুয়ারি) নানা আয়োজনের মধ্যে দিয়ে নবীনদের বরণ করল বিশ্ববিদ্যালয়টি।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল সাড়ে ১০টায় স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। পরে ১৯টি বিভাগ আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীনদের বরণ করে নেয়। 

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক নানা আলোচনা করেন এবং বিভাগে পড়ে নিজেদের গড়ে তোলার প্রতি আহ্বান জানান। এসময় নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও বুকলেট তুলে দেন শিক্ষকরা। বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ঘুরে দেখেন উপাচার্য ড. আবদুল মঈন। 

Advertisement

ওরিয়েন্টেশন ক্লাসে শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফরহাদ আল হিমু নামের নবীন শিক্ষার্থী বলেন, অনেক বড় স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা। অন্যদের মতোই আমার স্বপ্ন ছিল পাবলিক কোন ক্যাম্পাসে ভর্তি হওয়া। অবশেষে সে সুযোগ হয়েছে। প্রথমদিনে এত এত নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারা আমাকে মুগ্ধ করেছে। অনুভূতি বলার হয়তো ভাষায় হারিয়ে ফেলছি। 

তারিন আক্তার নামের নৃবিজ্ঞান বিভাগের নবীন আরেক শিক্ষার্থী বলেন, স্কুল, কলেজের জীবন শেষে অন্য অনেকের মত আমার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়া। সে স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন ওরিয়েন্টেশন পেয়ে সত্যি হয়েছে। নতুন একটি জায়গায় নতুন পরিচয় নিয়ে আসতে পারা সত্যি আনন্দের। আর প্রথমদিনে শিক্ষক ও সিনিয়রদের উপদেশ বেশ ভালো লেগেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন শুরু করেছে বিভাগগুলো। প্রশাসন নবীনদের হাতে ক্যালেন্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে বুকলেট দিয়েছেন। নতুন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রথমদিনের ক্লাসে অংশ নিয়েছেন। আমরা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয়ভাবে নবীনবরণের আয়োজন করব। 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. আবদুল মঈন বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে আরো একটি নতুন ব্যাচ এসেছে, তোমাদের অভিনন্দন। এখানে গবেষণা ও শিক্ষার অনেক সুযোগ-সুবিধা রয়েছে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। 

জানা গেছে, প্রায় ১৪ শতাংশ আসন ফাঁকা রেখে ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, নবম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৫৪টি আসন, ‘বি’ ইউনিটে ৭৮টি আসন এবং ‘সি’ ইউনিটে ১২টিসহ মোট ১৪৪টি আসন ফাঁকা রয়েছে। 

এবিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। যদি আসন পূর্ণ না হয় তাহলে আমরা ভর্তি কার্যক্রম চালিয়ে যাব।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা গত ১৮ ও ১৯ জানুয়ারি ভর্তি হতে পারেননি তারা ২৩ ও ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ভর্তি হতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!