প্রতিষ্ঠার পর থেকেই সিইউএসএস নিয়মিত নানা আয়োজনের স্বীকৃতি স্বরূপ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধন লাভে সমর্থ হয়েছে।
খুব অল্প সময়ে সংগঠনটি অর্জন করেছে জনপ্রিয়তা, কুড়িয়েছে সুনাম। চবির একমাত্র বিজ্ঞানভিত্তিক এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের অগ্রগতির জন্য নতুন নতুন ধারণা প্রকাশ করার সুযোগ পাবে যা মানুষের কল্যাণ সাধনে ভূমিকা রাখবে।
.png)
সংগঠনের ১৫০ জনের বেশি সক্রিয় সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় করোনার মধ্যেও কাজের ধারাবাহিকতা অব্যাহত ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) কার্যক্রমগুলোর মধ্যে-
করোনা পূর্ব সময়ে খেলাধুলায় আঘাত পাওয়ার পর ব্যথানাশক ঔষধ সেবন করে আমরা যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতিসাধন করি তা নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘ইনজুরি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহাবিটেশন’ নামে সেমিনার আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘আমি সমতার প্রজন্ম: অনুধাবন করি নারী অধিকার’ প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভার আয়োজন। করোনার মধ্যে ‘নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সংগঠনের সদস্যরা কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকার নির্দেশনাসূচক পোস্টার লাগানো থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষকে সুরক্ষিত থাকার উপায় ও সরঞ্জামাদি দিয়ে সহায়তা দেয়।

দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে মাসিক, সাপ্তাহিক করোনার সম্পর্কিত তথ্য ও পরিসংখ্যান তালিকা প্রকাশের পাশাপাশি ‘ভার্চুয়াল মিটআপ উইথ সাইন্স’ শিরোনামে অনলাইন সভার আয়োজন করে।
সিইউএসএস দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করে ‘রাইটিং ট্যালেন্ট হান্ট-২০’। এছাড়া বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে ‘কুইজ উইথ অশান’ শিরোনামে অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ ছিল।
বর্তমান প্রজন্মের নারীদের বিজ্ঞানের অগ্রযাত্রায় গবেষণার জন্য উদ্বুদ্ধ করা এবং অনুপ্রেরণা যোগানোর লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ওমেন ইন সাইন্স অন ক্যানভাস’ বেশ সাড়া ফেলে।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিবস উপলক্ষে চবির পরিবেশ বিজ্ঞানী শিক্ষকবৃন্দকে নিয়ে ‘থটস ফ্রম এনভাইরনমেন্টালিস্ট অন এনভাইরনমেন্টাল ডে’ শিরোনামে আয়োজন করে আলোচনা সভার। ‘শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাজেটে কি বিশ্ববিদ্যালয়গুলোর আশার প্রতিফলন ঘটেছে?’ শিরোনামে অনলাইন আলোচনা সভা করে সিইউএসএস।
প্রকৃতির প্রতি ন্যায়বিচার দাবিতে ২৭টি সংগঠনের সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে সিইউএসএস সপ্তাহব্যাপী ‘ভার্চুয়াল স্ট্রাইক: জাস্টিস ফর নেচার’ পালন করে। এছাড়া সায়েন্টিফিক সোসাইটির অফিসিয়াল পেইজে প্রকৃতির সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল, ভিডিওগ্রাফি ও ট্রিভিয়া সিরিজ নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপনে ‘অদম্য তারুণ্যের জন্য দক্ষতা’ প্রতিপাদ্যকে ধারণ করে সায়েন্টিফিক সোসাইটি সেমিনার আয়োজন করে।
গবেষণার মৌলিক বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক অনলাইন সেশন অনুষ্ঠিত হয়। চবি সায়েন্টিফিক সোসাইটি'র আয়োজনে ‘বেসিক গাইডলাইন টু পাবলিশ এ সাইন্টিফিক রিসার্চ পেপার’ শীর্ষক অনলাইন কর্মশালা সম্পন্ন হয়।
এছাড়া প্রাণ-প্রকৃতি সুরক্ষায় বৃক্ষরোপণ, গবেষণাধর্মী সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন, বিজ্ঞান চর্চা ও শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করে তুলতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের সমসাময়িক বিষয়ে কুইজ প্রতিযোগিতা, প্রজেক্ট প্রেজেন্টেশন, বিজ্ঞান বক্তৃতাসহ প্রভৃতি আয়োজন নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকে সংগঠনটি।
সংগঠনের সদস্যদের মতে তাদের এই সংগঠনে যুক্ত হবার পর একদিকে বিজ্ঞানচর্চার যেমন সুযোগ বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে সুযোগ বাড়ছে নিজের নেতৃত্বের গুণাবলি অর্জনের।

সংগঠনের সভাপতি মিনহাজুর রহমান শিহাব বলেন, বিজ্ঞানের ধারণার বিকাশ সাধনের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা, নব আবিষ্কারে উদ্বুদ্ধ করা ও অনুপ্রাণিত করা সিইউএসএসর লক্ষ্য এবং এই উদ্দেশ্যে নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। সিইউএসএস এর মেগা ইভেন্ট কার্নিভাল আয়োজনের মাধ্যমে চেষ্টা করা হয় ক্ষুদে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের উদ্ভাবনী ক্ষমতাকে তুলে ধরা ও তাদের কার্যক্রমকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের সুযোগ ও সংযোগ করে দেওয়া।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদাকে বৃদ্ধি করতে, একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানমনষ্ক উন্নত, দক্ষ, প্রযুক্তি জ্ঞানলব্ধ গ্র্যাজুয়েট ও গবেষক তৈরিতে নতুনত্ব নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি।
সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা বলেন, আমি চাই বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ই জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত হোক। শুধু চূড়ান্ত নয়, যেকোনো বর্ষের শিক্ষার্থীরা যাতে গবেষণা করতে পারে সে বিষয়ে জোর দেওয়া দরকার।