ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিশ্ব ভালোবাসা দিবসে নোবিপ্রবিতে নবীনবরণ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্ব ভালোবাসা দিবসে নোবিপ্রবিতে নবীনবরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’। আর এ দিনেই ২০২১-২২ নতুন শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের তথ্য মতে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ১১টায় শুরু হবে এ আয়োজন। 

জানা যায়, জিএসটি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার কারণে ভর্তি পরীক্ষার ৬ মাস পরেও ক্লাস শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। এর আগেও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও ভর্তি প্রক্রিয়ার জটিলতায় তা পিছিয়ে যায়। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্লাস শুরুর তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ভালোবাসা দিবসে জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে ভেবে নবীন শিক্ষার্থীরাও (১৭তম ব্যাচ) রোমাঞ্চিত। সবার মধ্যে বিরাজ করছে খুশির আমেজ। উপকূলীয় অক্সফোর্ডখ্যাত নোবিপ্রবিতে স্বপ্নের ডানা মেলে উড়তে চায় তারা। ভ্রাতৃত্ব এবং ভালোবাসায় একই ক্যাম্পাসে ১৭তম ব্যাচের সবাই মেলে ধরতে চান নিজেদের। 

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের নবীন শিক্ষার্থী রুবাইয়াত শারমীন নোভা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্পাসে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষমাণ ছিলাম। অবশেষে ১৪ ফেব্রুয়ারিতে নবীন বরণ হওয়ার নিউজটি শুনে অনেক আনন্দ পাচ্ছে। তাছাড়া এই দিনটিতে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একসঙ্গে হওয়ায় দিনটি আমাদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী নুসাইফা শাহরীন বলেন, প্রতিবছরের ভালোবাসা দিবস আর এবারের ভালোবাসা দিবসের মধ্যে একটি বড় পার্থক্য হচ্ছে এবার আমি দেশের একটি অন্যতম বিদ্যাপীঠে অবস্থান করছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!