ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অভিভাবকদের সজাগ থাকতে বললেন বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
অভিভাবকদের সজাগ থাকতে বললেন বাকৃবি উপাচার্য
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। ছবি: ডেইলি বাংলাদেশ

সন্তানরা যাতে বিপথে না যায়, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়ের কেবি হাইস্কুলে ‘স্কুল সপ্তাহ-২০২৩’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপাচার্য আরো বলেন, কেবি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে যাচ্ছে। এই স্কুলের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীরা দেশ গঠনে সুনাম অর্জন করেছে। প্রতিটি শিশুর লুকায়িত প্রতিভা বিকাশে অভিভাবকসহ শিক্ষকদের এগিয়ে আসতে হবে। 
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ সামাজিক সব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। 

Advertisement

জানা গেছে, সকাল ১০টায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান স্কুল সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন নতুন ধারণা ও আবিষ্কার নিয়ে আয়োজিত বিজ্ঞানমেলা ঘুরে দেখেন বাকৃবি উপাচার্য। এতে ৩৬ জন দেয়ালিকায়, ৫৬ জন চিত্রাঙ্কনে, ৪৮ জন সাইন্স ফেয়ারে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের উদ্ভাবন সম্পর্কে জানতে চান। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি শেষ হবে স্কুল সপ্তাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে কেবি হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোডের্র চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। 
এছাড়া উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও অধ্যাপক ড. শারমীন আক্তার রনী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রসঙ্গত, করোনা মহামারির জন্য তিন বছর পর কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সপ্তাহ। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বার্ষিক মিলাদ, বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও স্কুল ডে উদযাপন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!