ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেবে রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১২ মার্চ ২০২৩
আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেবে রাবি প্রশাসন
ছবি: ডেইলি বাংলাদেশ

আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। 

রোববার (১২ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ মার্চ শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বিনোদপুর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কিছুসংখ্যক এলাকাবাসীর যে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মর্মাহত। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার সব ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে যেসব দাবি উত্থাপন করেছে সে বিষয়ে ভিসি সংবেদনশীল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে স্থানীয় মতিহার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী বিনোদপুর ও আশেপাশের মেসে অবস্থান করছে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর আছে এবং মেস মালিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

কর্তৃপক্ষ মনে করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। অতীতে এরকম পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের অংশ হয়ে আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান এই পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!