ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪১, ১৪ মার্চ ২০২৩
এবার ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে খাগান এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীকে লেগুনা ধাক্কা দিলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।

Advertisement

ওসি জানান, সাভারের খাগানের ড্যাফোডিল ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী মোটরসাইকেল যোগে বি-বাংলা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বি-বাংলা মোড় এলাকায় একটি লেগুনা তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫০-৬০ জন শিক্ষার্থী চারাবাগ মোড়ে অবস্থান নিলে লেগুনা শ্রমিক ও স্থানীয় লোকজনদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা সংঘটিত হয়ে দুই পাশের বেশ কিছু দোকান ভাঙচুর করে। 

এ ব্যাপারে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাবলিক রিলেশনশিপ অফিসার কাজল গণমাধ্যমকে বলেন, আমাদের দুই শিক্ষার্থীকে একটি লেগুনা চাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গত এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা গণ্ডগোলের সাক্ষী হয়েছে দেশ। এর মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও সরকারি তিতুমীর কলেজের বিষয়গুলো দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!