ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জুলাইয়ে নয়, আগস্টে হবে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৫, ১২ এপ্রিল ২০২৩
জুলাইয়ে নয়, আগস্টে হবে এইচএসসি পরীক্ষা
প্রতীকী ছবি

আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল দেশের শিক্ষা মন্ত্রণালয়ের। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী, আগামী আগস্টে অনুষ্ঠিত হবে এইচএসসি। এসব তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ডের একটি সূত্র।

জানা যায়, জুলাইয়ে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা করা হলেও তা নিয়ে আপত্তি দেখা দেয়। এর কারণ হিসেবে জানানো হয়েছে, এমনটি করা হলে পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ক্লাস শুরুর পর এক বছর তিন মাসেই (১৫ মাস) এ পরীক্ষায় বসতে হতো। অথচ উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ দুই বছরের।

বিষয়টি নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের আপত্তিও ছিল। তারা বলে আসছিলেন, তাড়াহুড়া করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনায় শিক্ষার্থীরা পড়ার চাপে পড়ছেন। এতে শিখন ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা আছে। জুলাইয়ে পরীক্ষা হলেও এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের এপ্রিল থেকে জুন-জুলাইয়ে। ফলে দীর্ঘ সময়জুড়ে তাদের কোচিং করতে হবে। যার খরচের বোঝা পড়বে অভিভাবকদের ঘাড়ে। তাই প্রশ্ন ওঠে উচ্চশিক্ষার ভর্তির সঙ্গে সমন্বয় না করে শুধু এইচএসসি পরীক্ষা আগে আগে নিয়ে কী লাভ?

Advertisement

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি পুনর্বিবেচনায় নেয় শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, নানা গণমাধ্যমের প্রতিবেদন দেখে তারা জেনেছেন, কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যসূচি শেষ হয়নি। এসব বিবেচনায় জুলাইয়ের পরিবর্তে আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!