ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে রেকর্ড আবেদন, আসন প্রতি লড়বেন ৪১ ভর্তিচ্ছু

রুমান হাফিজ, চবি
প্রকাশিত: ১৪:৩৮, ১৮ এপ্রিল ২০২৩
চবিতে রেকর্ড আবেদন, আসন প্রতি লড়বেন ৪১ ভর্তিচ্ছু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ শিক্ষার্থী। এর আগে গত রোববার রাত ১১টা ৫৯ মিনিটে ভর্তি আবেদন ফি জমাদানের সময় শেষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ আবেদন জমা পড়েছিল ২০২০-২১ শিক্ষাবর্ষে। সেবছর ১ লাখ ৯৫ হাজার ৭৯২ জন আবেদন করেছিলেন। সে হিসেবে এ বছর আবেদনের নতুন রেকর্ড হয়েছে। এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় আবেদনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

কোন ইউনিটে কতো আবেদন: 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬২। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ শিক্ষার্থী। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৪৪ জন। ‘সি’ ইউনিটে ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৯ হাজার ৯৯৯ শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য লড়বে ৩১ জন। ‘ডি’ ইউনিটে ৯৫৮ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন। এ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৫১ জন। 

দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৩৮২ জনের। এ উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১১ জন। আর ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ৮৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। এ উপ ইউনিটে প্রতি আসনে লড়বে ৬২ জন। 

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী টাকা জমা দিয়েছে। আর টাকা জমা না দেওয়ায় অনলাইন আবেদন করেও ১৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। 

ভর্তি পরীক্ষার যখন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী আগামী ১৬মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ২৪মে ও ২৫মে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনি) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। তবে দ্বিতীয়বার অংশ নেওয়া পরীক্ষার্থীদের (সেকেন্ড টাইমার) মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে।

ক্যাম্পাসে হবে পরীক্ষা: ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবারো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে না। তবে আগামী শিক্ষাবর্ষে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!