গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবিতে বসবে ১০ হাজার ২০১ শিক্ষার্থী
আগামী শনিবার থেকে তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় ‘বি’, ‘সি’ ও ‘এ’ তিনটি ইউনিটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ১০ হাজার ২০১ জন পরীক্ষার্থী।
২০২২-২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে ৩ হাজার ৬শ’ ৮০ জন, ‘সি’ ইউনিটে ১ হাজার ৭৯ জন ও ‘এ’ ইউনিটে ৫ হাজার ৪শ’ ৪২ জন শিক্ষার্থী অংশ নেবে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে অনুষ্ঠিত হবে।
.png)
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে হাবিপ্রবি ভর্তি কমিটি-২০২৩ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে এরই মধ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সব কাজ সুন্দরভাবে করার লক্ষ্যে সব উপকমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছে কমিটিগুলো। এছাড়াও ভর্তি পরীক্ষায় যাতে কোনো জটিলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় এজন্য সংশ্লিষ্ট সব দফতরগুলোতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি। পরিশেষে সুষ্ঠ ও সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪শ’ ৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮শ’ ৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।