প্রশংসা কুড়াচ্ছে ভর্তিচ্ছুদের সহায়তায় চবি ছাত্রলীগের বাইক সেবা
রাস্তায় জ্যামের জন্য পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছাতে পারেননি রাফিন নামের এক ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে গাড়ির জন্য এদিক-ওদিক খুঁজতে লাগলেন। কিন্তু হাজারো মানুষের ভিড়ে গাড়ি পাওয়া দুষ্কর। এমন সময় বাইক নিয়ে হাজির হন শাখা ছাত্রলীগের আইন সম্পাদক খালেদ মাসুদ। দ্রুত সময়ে পৌঁছে দিলেন তাকে।
শুধু রাফিনই নয়, এমন অসংখ্য ভর্তিছুকে সেবা দিতেই ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চালু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
চবিতে গত ১৬ মে থেকে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম হচ্ছে ক্যাম্পাসে। যার ফলে ক্যাম্পাস ও ক্যাম্পাস সংশ্লিষ্ট এলাকা ও রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। এতে করে অনেক পরীক্ষার্থীই সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন না। এ অবস্থায় ভর্তিচ্ছুদের সহায়তায় এগিয়ে আসার এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সবার।
বুধবার চবি ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন থেকে তারা এ বাইক সার্ভিস চালু করেন। এ বাইক সার্ভিসের আওতায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিজেদের বাইক নিয়ে অবস্থান করেন। কোনো পরীক্ষার্থী দেরি করে আসলে তাকে বাইকে করে তাকে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেন নেতাকর্মীরা।
ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ সার্ভিস চালু রাখবেন বলে ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন। বাইক সেবার উদ্যোক্তা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফ বলেন, চবি ছাত্রলীগ প্রতি বছরই ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় নানা কর্মকাণ্ড করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও আমরা জয় বাংলা বাইক সার্ভিস, ঠান্ডা পানি ও শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি। ভর্তি পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সে লক্ষ্যে আমাদের যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি। ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, দেশের নানা প্রান্ত থেকে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকেরা আসেন। তাদের থাকার জন্য আবাসিক হলে যথাসাধ্য চেষ্টা করছি আমরা। এসব নিয়ে আমাদের ছাত্রলীগের কর্মীরা তৎপর রয়েছেন।
আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ বলেন, ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতি বছরই ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শুধু জয় বাংলা বাইক সার্ভিসেই আমাদের কর্মসূচি সীমাবদ্ধ নয়। পরীক্ষার্থীদের যত ধরনের সহযোগিতা দরকার, তার সর্বোচ্চটা করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা চেষ্টা করবে।
চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়, আবু বকর তোহা, মঈনুল ইসলাম, আবরার শাহরিয়ার, নাট্য ও বিষয়ক সম্পাদক সাজ্জাদ আনম পিননসহ আরো অনেক নেতাকর্মীরা নিজেদের গ্রুপের পক্ষ থেকে নানা সহায়তামূলক কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে রয়েছে তথ্য সহায়তা বুথ, মেডিকেল বুথ, বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ, মাস্ক বিতরণ ও কলম বিতরণ।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকে পানি বিতরণ করেছি ও বিভিন্ন তথ্য দিয়ে পরিক্ষার্থীদের সহযোগিতা করছি। পাশাপাশি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে।
ভর্তি পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পাশে আছি। বাড়তি ভাড়া আদায় ও খাবারের মাত্রাতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমাদের কর্মীরাও মাঠে থেকে কাজ করবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করব।