প্রথম বর্ষের ক্লাস শুরু আগস্টে: কুবি উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে। শনিবার (৩ জুন) গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।
উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোনো সুবিধা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সবার সার্বিক সহযোগিতা ছিল।
এরই মধ্যে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। কবে নাগাদ ক্লাস শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আগস্টের প্রথম সপ্তাহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
.png)
এদিকে দেশের ২২টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯৩.০৯ শতাংশ। কুবি কেন্দ্রের ১০টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪৫১ জন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, সবার সর্বোচ্চ সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ‘এ’ ইউনিটের ১০টি কেন্দ্রে উপস্থিত ছিল ৯৩.০৯ শতাংশ।