ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রেমিকের সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিলেন জাবি ছাত্রী

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ২ সেপ্টেম্বর ২০২৩
প্রেমিকের সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিলেন জাবি ছাত্রী
কাজী সামিতা আশকা

ভিডিও কলে প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কাজী সামিতা আশকা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজী সামিতা আশকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

সহপাঠীরা জানান, খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার জামান তুর্য নামে এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ৫০তম ব্যাচের জুনিয়রদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। আত্মহত্যার বিষয়টি তুর্যই মোবাইলে তার সহপাঠীদের জানান। পরে বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

Advertisement

নিহতের রুমমেট মাইশা নুসরাত বলেন, ঘটনার সময় আমরা কেউ বাসায় ছিলাম না। সন্ধ্যার আগে বাসা থেকে বের হওয়ার সময় তাকে তুর্যের সঙ্গে ভিডিও কলে ঝগড়া করতে দেখি। পরে রাত সাড়ে ৮টার দিকে তার বান্ধবী সামিহাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন তুর্য। এরপর তারা দ্রুত বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

প্রেমিক শাহরিয়ার জামান তুর্য বলেন, আমি ও সে (সামিতা) ভিডিও কলে কথা বলছিলাম। তেমন কোনো ঝামেলা না, তবে ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। এটা নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। তখন ফোন কেটে যায়। আমি বারবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাইনি। এরপর তার রুমমেট ও বন্ধুদের বিষয়টি জানাই।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অর্ণব বলেন, রাত সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিজি রিপোর্ট দেখে বুঝেছি, অন্তত আধাঘণ্টা আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। 

সাভার থানার দায়িত্বরত উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে বলে জেনেছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!