ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ১, হাবিপ্রবির ২ নেপালি শিক্ষার্থী আহত

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২ সেপ্টেম্বর ২০২৩
দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ১, হাবিপ্রবির ২ নেপালি শিক্ষার্থী আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হাবিপ্রবির দুই বিদেশি শিক্ষার্থী। আহত শিক্ষার্থীরা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলেন হাবিপ্রবি ১৭ ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী মকবুল আলম এবং একই অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। নিহত ইজিবাইক চালকের নাম একরামুল হক (৪২)। তিনি দিনাজপুর পৌরসভার রামনগর (গোবরাপাড়া) এলাকার নেহাজ উদ্দীনের ছেলে। 

Advertisement

দিনাজপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জগবন্ধু রায় বলেন,‘দুপুর ১২টা ১০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকচালক ও দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইজিবাইক চালকের মৃত্যু হয়।’ 

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে হাবিপ্রবির দুজন নেপালি শিক্ষার্থী ইজিবাইকে চড়ে শহরে ব্যক্তিগত কাজে আসেন। এ সময় ইজিবাইকটি শহরের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে, বিপরীতমুখী একটি বিআরটিসি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাবিপ্রবির শিক্ষার্থীরা তাৎক্ষণিক সড়কে অবস্থান নেয়। সেখানে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দুইজন বিদেশি শিক্ষার্থীর সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত দুই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসারত রয়েছে। এ বিষয়ে প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!