ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষার্থীদের বিষন্নতা দূর করতে হবে: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার্থীদের বিষন্নতা দূর করতে হবে: ঢাবি উপাচার্য
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মশক্তি জোরদার এবং বিষন্নতা দূর করতে হবে।

রোববার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাসে এক সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

ড. মো. আখতারুজ্জামান আরো বলেন, আত্মহত্যা বিশ্বজুড়ে একটি বড় সমস্যা এবং একটি চরম অগ্রহণযোগ্য কাজ। শিক্ষক, বন্ধু, পরিবার ও প্রতিবেশীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব।

আত্মহত্যা প্রতিরোধে পেশাগত ও নৈতিক দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক ও অ্যালামনাইসহ সবার প্রতি আহ্বান জানান উপাচার্য।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এ র‌্যালির আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি’।
র‌্যালিতে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক এবং বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!