অনলাইনে এনরোলমেন্ট সুবিধা পেতে হাবিপ্রবিতে তথ্য আহ্বান
সেন্ট্রাল ডাটাবেস ও অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিষয়ের বাস্তবায়নে হাবিপ্রবির ২০১৮, ২০১৯ এবং ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে তথ্য চাওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে একটি অনলাইন ফর্মের মাধ্যমে তথ্য প্রদান দিতে হবে। এছাড়াও স্টুডেন্ট লগইন প্যানেলে শিক্ষার্থীদেরকে পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি আপলোড করতে হবে।
.png)
নতুন এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইন মাধ্যম ব্যবহার করেই এনরোলমেন্ট করাসহ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এছাড়াও রিপিট শিক্ষার্থীদের মার্কসহ যাবতীয় তথ্য অটোমেটিক হালনাগাদ হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, এনরোলমেন্ট করার ক্ষেত্রে এক অফিস থেকে অন্য অফিসে ফর্ম তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়াটি কষ্টসাধ্য। এদিকে কোনো সমস্যাজনিত কারণ ক্যাম্পাসে না থাকলে পোহাতে হয় বাড়তি সমস্যা। তবে নতুন এই পদ্ধতি চালু হলে এনরোলমেন্ট এবং ডাটাবেজের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে।