ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি উপাচার্যের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের মতবিনিময়

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১৪ নভেম্বর ২০২৩
রাবি উপাচার্যের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের মতবিনিময়
রাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় উপাচার্য রাষ্ট্রদূতকে একটি স্মারক উপহার দেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়কালে উভয় রাবির বিদ্যায়তনিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জাপানের প্রতিষ্ঠানসমূহের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। রাবি উপাচার্য জাপানের বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে রাবির সংযোগ স্থাপন এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা, প্রশিক্ষণ, সম্মেলন ও ওয়ার্কশপ অনুষ্ঠান, রাবি শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকতরহারে বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির প্রতি জোর দেন।

Advertisement

এছাড়া রাবি উপাচার্য ও জাপান রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইনকিউবেশন সেন্টার, বায়োটেকনোলজি গবেষণা কেন্দ্র, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ও জাপানিজ স্টাডিজ সেন্টার স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন। উভয় দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন।

এসময় রাষ্ট্রদূতের সাথে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাবৃন্দ এবং রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক এনায়েত হোসেন, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রদূত শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ’ বিষয়ক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!