ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২৬ নভেম্বর ২০২৩
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার
ফাইল ফটো

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১ বোর্ডে গড়ে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় কেউ ফেল করলে বা কাঙ্ক্ষিত ফল না পেলে, তা পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন সোমবার (২৭ নভেম্বর) থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। শুধু এসএমএসের মাধ্যমে এ ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। অনলাইনে ঘরে বসেই আবেদন করা যাবে। বোর্ড তার উত্তরপত্র যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

Advertisement

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন- 174, 175, 176।

এসএমএস সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি ফিরতি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি পত্রের ফল পুনঃনিরীক্ষার ফি ১৫০ টাকা। সে হিসেবে এইচএসসির প্রতি বিষয়ের (প্রথম ও দ্বিতীয়পত্র) পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে দুটির জন্যই একসঙ্গে আবেদন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!