নতুন কারিকুলাম বাস্তবায়নে ইনহাউজ প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার স্বউদ্যোগে ইনহাউজ প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। নতুন কারিকুলাম বাস্তবায়নে এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
ঐ নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
.png)
নির্দেশনায় আরো বলা হয়েছে, নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে স্বউদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করবেন। এছাড়া, প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষক কর্তৃক গৃহীত প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষক সহায়িকা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা মনিটরিং করবেন।
প্রসঙ্গত, কার্যক্রমগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে অধিদফতর।