ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কোচিংয়ে যুক্ত শিক্ষকরা নতুন কারিকুলামের প্রশিক্ষণ থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ১৬ জানুয়ারি ২০২৪
কোচিংয়ে যুক্ত শিক্ষকরা নতুন কারিকুলামের প্রশিক্ষণ থেকে বাদ
ছবি: প্রতীকী

শিক্ষক প্রশিক্ষণের প্রথম ধাপ শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে। শিগগিরই শুরু হবে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ। এজন্য উপজেলা ও থানা থেকে যোগ্য বা বিষয়ভিতিত্তিক শিক্ষকদের তালিকাও চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে সেই তালিকায় কোচিং করান এমন শিক্ষকের নাম না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে- এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে।

সোমবার (১৫ জানুয়ারি) মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের জন্য সাবজেক্ট ম্যাচিং অনুসারে সংযুক্ত ছকে শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকদের প্রথমধাপে সাত দিনব্যাপী প্রশিক্ষণ ৪৭৪ উপজেলায় সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শিগগিরই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

এই প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে করতে সাধারণ, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন (মাধ্যমিক স্তরের) প্রথম পর্যায়ের প্রশিক্ষণে অনুপস্থিত, ইআইআইএনধারী প্রতিষ্ঠানের বাদ পড়া প্রশিক্ষণার্থী এবং মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ইআইআইএনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পূর্ণকালীন শিক্ষকদের তথ্য ও তালিকা প্রয়োজন। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ইএমআইএস সেলে তথ্য অনুযায়ী উপজেলা বা থানাওয়ারি (আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ) বিষয়ভিত্তিক সংখ্যা ও তালিকা প্রয়োজন।

প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রতিষ্ঠান প্রধান, খণ্ডকালীন শিক্ষক এবং মাদরাসা ও কারিগরি অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষায়িত বিষয়সমূহের শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী শিক্ষকরা দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণের আওতাভুক্ত হবেন না।

দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কারিকুলামের আলোকে সাবজেক্ট ম্যাচিং অনুসারে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকদের সংখ্যা ও তালিকা সংযুক্ত ছক মোতাবেক যাচাই করে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ই-মেইলে গুগল ফরমের লিঙ্কের মাধ্যমে আগামী ১৮ জানুয়ারি পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্কতা জারি করে বলা হয়, কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত এবং শিক্ষক নন এমন কেউ যেন কোনোক্রমেই তালিকায় অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!