ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সমুদ্রে দূষণ রোধে ‘কাকতাড়ুয়ার পাপেট শো’

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সমুদ্রে দূষণ রোধে ‘কাকতাড়ুয়ার পাপেট শো’
পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী পুতুল নাট্য। ছবি: সংগৃহীত

পর্যটকদের কারণে নানাভাবে দূষিত হচ্ছে দেশের সমুদ্র সৈকত। হুমকিতে পড়ছে সমুদ্রের জীববৈচিত্র্য। সমুদ্রের পরিবেশ রক্ষা ও পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী পুতুল নাট্য (পাপেট শো) ও মাপেট শো (পুতুল অভিনয়) উপস্থাপন করেছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের একদল শিক্ষার্থীরা এটির আয়োজন করেছে।

এ আয়োজনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। যাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান আশিক, তারেক হোসেন, শ্রী কৃষ্ণ ও আমিনুল ইসলাম প্রমুখ।

Advertisement

আয়োজকরা জানান, সামুদ্রিক পরিবেশ সচেতনতায় যাত্রাপথে বিভিন্ন স্থানীয় স্কুলে তারা পাপেট শোর আয়োজন করবেন। একই সঙ্গে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে পাপেট বানানো শেখাবেন। রোববার এ আয়োজনের শুরু হয়েছে। চলবে সোমবারও।

বিভিন্ন স্থানীয় স্কুলে তারা পাপেট শোর আয়োজন করবেন। ছবি: সংগৃহীত

জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান আশিক বলেন, আমরা টেকনাফের সমুদ্র জেটি ও সেন্টমার্টিনের সমুদ্র সৈকতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ আয়োজনটি পরিচালনা করছি। এছাড়াও প্ল্যাকার্ড, ফেস্টুনেও পরিবেশ সচেতনতার বার্তা প্রচার করছি।

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এই প্রতিষ্ঠাতা বলেন, পরিবেশদূষণ রোধ করা তথা সমুদ্রকে রক্ষা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় একটি কাজ করতে চাচ্ছি। আমরা সমুদ্র তীরে পাপেট শো, মাপেট শো থেকে বেশকিছু ব্যতিক্রমী প্রচার অভিযান করতে যাচ্ছি। পাপেট আমাদের দেশীয় একটি ঐতিহ্য, এটির মাধ্যমে পর্যটকদের পরিবেশ বিষয়ে সচেতন করতে বেশকিছু বার্তা দিতে চাই। যার কারণে আমাদের পর্যটকরা সচেতন হয় ও সমুদ্র দূষণ রোধে তারাও এগিয়ে আসে।

প্রসঙ্গত, কাকতাড়ুয়া পাপেট থিয়েটার একটি সামাজিক বিনোদনমূলক সংগঠন। সংগঠনটি ২০১৯ সাল থেকে সমাজ পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং সমাজকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য এর আগে তারা বেশকিছু কাজ করে সারাদেশে প্রশংসা কুড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!