শনিবার (৯ মার্চ) প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপে ১১ হাজার ৪৬২ এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে ৭০৬ পর্যন্ত উত্তীর্ণদের মেধাক্রম প্রকাশ করা হয়েছে।
এদিকে আগামী ২১ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ২৭ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে করে ‘অনলাইন চয়েজ ফর্ম’ এর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য তিনটি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে। অনলাইন চয়েজ ফর্মে প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম নির্ধারিত সময়ের ভেতরে প্রার্থী পরিবর্তন করতে পারবে। এরপর আর কোনো তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করতে পারবে না।
.png)
এতে আরো বলা হয়, ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ওই কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরের দিন ২৯ এপ্রিল প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮ হাজার ৫০০টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বিকাল ৩ ঘটিকার মধ্যে জমা দিতে হবে। তবে কোন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে ব্যাংকে জমা দিতে পারবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ৩ মার্চ দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন পরীক্ষা কেন্দ্রের গড়ে প্রায় ৮৩ শতাংশ (৮২.৫২) শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেয়। এতে চুয়েটে ৮০.০৫, কুয়েটে ৮১.২৪ এবং রুয়েটে ৮৬.২৬ শতাংশ অংশ নিয়েছিল।
চলতি শিক্ষাবর্ষে সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১ হাজার ৬৫টি এবং রুয়েটের ১ হাজার ২৩৫ টি সহ সর্বমোট ৩ হাজার ২৩১টি আসন রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রকৌশল গুচ্ছ ভর্তির ওয়েবসাইট (https://admissionckruet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।