অবন্তিকার আত্মহত্যা: প্রথম বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার পেছনের কারণ উদঘাটনে গঠন করা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করেছে।
রোববার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা প্রথম বৈঠক করেন।
জানা যায়, বৈঠকে কমিটির সদস্যরা তাদের কর্মপরিধি ও দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা করেছেন। তদন্তের কাজ কীভাবে আগানো যায়, ন্যায়নিষ্ঠভাবে পুরো ব্যাপারটি অনুধাবনের পাশাপাশি ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারো দায় থেকে থাকলে সেগুলো নিরূপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টিতে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা যুক্ত আছেন সবার বিষয়েই খতিয়ে দেখা হবে।
.png)
অভিযোগ ওঠা সব বিষয়েই যাচাই-বাছাই করে দেখা হবে। ন্যূনতম এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য এই ঘটনার প্রেক্ষিতে প্রকৃত সত্য উদ্ঘাটন করা। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও আমরা রোববার বৈঠক করেছি, সোমবারও বৈঠক হবে।
তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, বস্তুনিষ্ঠতার সঙ্গেই তদন্ত করা আমাদের লক্ষ্য। আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব, বিভিন্ন আঙ্গিক থেকে, ডকুমেন্টস সংগ্রহসহ এবং আনুষঙ্গিক সবকিছুই করব। আজ বৈঠকে করণীয়গুলো নির্ধারণ করা হয়েছে।