শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে ঢাবি অধ্যাপকের দাফন সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের দায়িত্বরত ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুরে নিজ বাসভবন পার্শ্ববর্তী মসজিদে বাদ আসর জিয়া রহমানের দ্বিতীয় জানাজা পরে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়৷
এর আগে শনিবার (২৩ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, ১৯৮২ সালে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক ও ১৯৮৫ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে ভর্তি হন। সেখানে ১৯৯০ সালে স্নাতক ও ১৯৯২ স্নাতকোত্তরের পর ২০০৩ সালে কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগ্যারি থেকে দ্বিতীয় মাস্টার্স ও ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন জিয়া রহমান। পরে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে শিক্ষকতায় যোগ দেন।
.png)
অধ্যাপক জিয়া রহমান বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ছিলেন, ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির বোর্ড ডিরেক্টর, ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।