ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পিএসসির সদস্যপদ লাভ: অধ্যাপক পাণ্ডেকে রাবির সংবর্ধনা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৭ এপ্রিল ২০২৪
পিএসসির সদস্যপদ লাভ: অধ্যাপক পাণ্ডেকে রাবির সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (আরইউএমসিজে)। 

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে বিভাগের ১২৩ নম্বর কক্ষে তাকে সংবর্ধনা জানান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সভায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ। সভার শুরুতেই অধ্যাপক প্রদীপ কুমারকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর বিভাগের পক্ষ থেকে প্রদীপ পাণ্ডেকে সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ। এসময় শিক্ষকমণ্ডলী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

Advertisement

এ সময় ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, একজন শিক্ষক বেঁচে থাকেন তার শিক্ষার্থীদের মধ্য দিয়ে। যাদের জন্য আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তাদের থেকে দূরে যাওয়া অনেক কঠিন। আমার বাবা-মা আমাকে জন্ম দিয়েছেন, আর বিভাগ আমাকে কর্ম এবং পরিচিতি দিয়েছে। এই বিভাগ আমার দ্বিতীয় মা। 

তিনি বলেন, আমার এ পর্যন্ত আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বিভাগ। আমাদের বিভাগের শিক্ষকদের কিছু বিশেষ গুণ রয়েছে, যা দেখে বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষকরা ঈর্ষা করেন। আমি এই বিভাগের সব কিছুকে অনেক বেশি অনুভব করব। 

অধ্যাপক মশিহুর রহমান বলেন, ড. প্রদীপ পাণ্ডে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ই নয়, তার কাজ দিয়ে সারা দেশেই সুনাম অর্জন করেছেন। পিএসসিতে কার্যকরী ও সক্রিয় ভূমিকা পালন করার মধ্য দিয়ে ড. পাণ্ডে নিজেকে আরো বেশি আলোকিত করবেন বলে আশা করি। 

সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, আমরা অসংখ্য জায়গায় প্রদীপ স্যারের অভাব বোধ করব। একজন মানুষ হিসেবে কারো অভাববোধ করার চেয়ে বড় পাওয়া হতে পারে না। এটা শুধু শিক্ষার্থীরা নয় বরং শিক্ষকসহ সবাই এই অভাববোধ করবেন। 

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহীল বাকি বলেন, ড. পাণ্ডের মতো মানুষ পাশ থেকে চলে গেলে ফাঁকা লাগবে। যেকোনো প্রয়োজনে স্যারের সঙ্গে যোগাযোগ করা যেত। অবশ্যই তিনি সফল হবেন। তিনি এমন জায়গায় বসবেন, এটা আমাদের গর্বের বিষয়। স্যারের আলোর পথের যাত্রা শুরু হয়েছে, আমাদের আরো আলোকিত করবেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মুসতাক আহমেদ বলেন, ক্লাস শেষেই হলে যেতেন পড়াশোনার জন্য। আমি বিভাগের সব সমস্যার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ড. পাণ্ডেকে ভাবতাম। তিনি যে জায়গায় গিয়েছেন সেখানেও বিভাগের মতো আলোকিত করবেন এই প্রত্যাশা।

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিভাগের শিক্ষক প্রফেসর তানভীর আহমেদ, স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী সাইফুর রহমান ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফা রাফিয়া।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পিএসসি রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!