খেলার মাঠে সুপেয় পানির ব্যবস্থা করাসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (২০ মে) বিকেলে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলমের নিকট এটি জমা দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় ক্রীড়াক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করার জোর দাবি জানান তারা। স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রলীগের সহসভাপতি মৃদুল হাসান রাব্বি, ক্রীড়া সম্পাদক বিজন কৃষ্ণ ও উপ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন আকিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
তাদের দাবিগুলো হলো জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে সাতদিন খোলা রাখা, ফুটবল মাঠে স্থাপিত দুইটি সুপেয় পানির কল সংস্কার এবং ক্রিকেট মাঠে অনতিবিলম্বে দুটি পানির কল স্থাপন, ক্রিকেট মাঠে দুইটি স্থায়ী প্লেয়ার ডাগ-আউট স্থাপন করা, ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করা, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা এবং সকল ইনডোর-আউটডোর গেমস সমূহের যথাযথভাবে আয়োজন করা।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম বলেন, স্মারকলিপি হাতে পেয়েছি। সামনে যেহেতু বড় ছুটি তাই দাবিগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো কার্যকর করতে আমরা কাজ করবো।