ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ব্যবহারিক ক্লাসে নানা সমস্যার সম্মুখীন বুটেক্স শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম শাহেদ, বুটেক্স
প্রকাশিত: ১৮:১২, ৩০ জুন ২০২৪
ব্যবহারিক ক্লাসে নানা সমস্যার সম্মুখীন বুটেক্স শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ১০টি বিভাগের মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)। ২০১৫ সালে চালু হওয়া বিভাগটির ল্যাব সংক্রান্ত নানা সমস্যা। আইপিই ল্যাবে পর্যাপ্ত জায়গা না থাকা, আধুনিক মেশিনারিজের অভাব, পুরাতন মেশিনগুলো অচল হয়ে থাকা, নষ্ট মেশিনগুলো মেরামত না করা, দক্ষ ক্রাফট ইন্সট্রাক্টর না থাকাসহ নানা সমস্যা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ বহুদিনের।

টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত এই বিভাগটিতে প্রতি বছর ভর্তি হয় ৪০ শিক্ষার্থী। পুরো চার বছরে কোর্স ক্রেডিট ১৬৬। এর মধ্যে ১২৯ ক্রেডিটের কোর্স তাত্ত্বিক এবং ৩৭ ব্যবহারিক। ৩৭ ক্রেডিটের ব্যবহারিক কোর্সের মধ্যে ২০ ক্রেডিট আইপিই’র।

সূত্র বলছে, সাধারণত আইপিই ল্যাবগুলোতে ওয়েল্ডিং, মেটাল শপ, মেশিন শপ-এর জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকে। সেখানে বুটেক্সের আইপিই ল্যাবে একই ছাদের নিচে ছোট জায়গাতে সবগুলো ব্যবহারিক করে দেখানো হচ্ছে। তাছাড়া স্থান সংকটের কারণে শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসে মেশিনের গঠন, ব্যবহারবিধি ভালোভাবে বুঝে উঠতে পারে না। সামনের দিকে অবস্থানরত শিক্ষার্থীরা ক্লাসগুলো বুঝে উঠলেও পেছনের দিকে অবস্থানরত শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস বুঝে উঠতে সমস্যা হয়।

Advertisement

মেশিন শপ প্রাকটিস ল্যাবে নেই পর্যাপ্ত আধুনিক মেশিন। আর যেসব পুরাতন মেশিন রয়েছে তা অকেজো, যা বর্তমান যুগের সঙ্গে যুগোপযোগীও নয়। আধুনিক মেশিন ও সুযোগ-সুবিধার কমতি রয়েছে এই ল্যাবটিতে। ল্যাবের পুরাতন শেপার মেশিন দিয়ে কাঠ কাটা গেলেও মেটাল জাতীয় পদার্থ কাটা যায় না। ওয়েল্ডিং মেশিনও পর্যাপ্ত সংখ্যায় নেই। সাধারণত আইপিই ল্যাবে একসঙ্গে ২০-২৫ জন শিক্ষার্থীর গ্রুপ ক্লাস করেন। দেখা যায় যে, ১০০ মিনিটের ব্যবহারিক ক্লাসে ৩০-৪০ মিনিট লেকচার দিতে ব্যয় হলে বাকি সময়ে প্রত্যেক শিক্ষার্থীরা মেশিনগুলো ভালোভাবে ব্যবহার করে শেখার সময় পান না। ল্যাবে সারফেস গ্রাইন্ডিং মেশিন, সিলিন্ড্রিকাল গ্রাইন্ডিং মেশিন-এর চাহিদা হ্যান্ড গ্রাইন্ডার, বেস গ্রাইন্ডার ও কাটিং স' গ্রাইন্ডার মেশিন দিয়ে মেটানো হচ্ছে। আধুনিক সারফেস গ্রাইন্ডিং ও সিলিন্ড্রিকাল গ্রাইন্ডিং মেশিন এর অন্তর্ভুক্তি চাহিদা রয়েছে শিক্ষার্থীদের।

ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ল্যাবে কম্পিউটারগুলোতে সলিডওয়ার্ক্স ও অটোক্যাড সফটওয়্যারের কাজ শেখানো হয়। তবে পিসিগুলোতে সফটওয়্যারগুলোর আপডেটেড ভার্সন ইন্সটল নেই। এছাড়াও ল্যাবে কিছু কম্পিউটারও নষ্ট। ফলে ব্যবহারিক ক্লাসে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ম্যানুফ্যাকচারিং প্রসেস ও ফান্ডামেন্টাল অব মেকানিকাল ব্যবহারিক কোর্স করানো হয়। ল্যাবে মোট ১১টি মেশিন থাকলেও ইউনিভার্সাল টেস্টিং মেশিন দীর্ঘদিন ধরে অকেজো। লেদ মেশিন দুটি থাকলেও সেগুলোও পুরোনো। এর পরিবর্তে আধুনিক লেদ মেশিন এবং একাধিক ওয়েল্ডিং মেশিনের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। ল্যাবে নিজস্ব প্রজেক্টর না থাকায় শিক্ষকরা প্রয়োজনমতো স্লাইড প্রেজেন্টেশন করতে পারেন না। সেক্ষেত্রে শিক্ষার্থীদের স্ব স্ব স্মার্টফোনের মাধ্যমে স্লাইডে প্রবেশ করে ক্লাস লেকচার অনুসরণ করতে হয়। এতে পাঠদানে দেখা যায় জটিলতা।

শিক্ষার্থীদের দাবি, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আলাদা ল্যাবের প্রয়োজন। যেখানে বয়লার মেশিন, জেনারেটর, সেন্ট্রিফিউফগাল পাম্প, রেসিপ্রোকেটিং পাম্পসহ সিলেবাসের সঙ্গে অন্তর্ভুক্ত আরো মেশিনারিজ থাকবে। কিন্তু এই সুবিধাগুলো না থাকায় শিক্ষার্থীরা ল্যাব ক্লাসে এসে শুধু থিওরি অংশটুকু বুঝে, মেশিন শেখার সুযোগ পায় না। 

এদিকে সিএনসি মেশিন চালানোর জন্য দক্ষ প্রোগ্রামার বা ক্রাফট ইন্সট্রাক্টর প্রয়োজন। ইন্সট্রাক্টরদের নিয়মিত ও পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবে শিক্ষার্থীদের ভালোভাবে শেখা হচ্ছে না এই আধুনিক মেশিনগুলোর কার্যপ্রণালী। ক্রাফট ইন্সট্রাক্টরদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা ও দক্ষ ইন্সট্রাক্টরের সংখ্যা বাড়ানো দাবি করছে শিক্ষার্থীরা।

৪৮ ব্যাচের শিক্ষার্থী আশফাকুল ইসলাম হিমেল বলেন, আমার অনেকগুলো ব্যবহারিক কোর্স আইপিই ল্যাবে সম্পন্ন করা হয়েছে। আমাদের ল্যাবে কোর্স আউটলাইন অনুযায়ী বেশকিছু মেশিন উপস্থিত নেই। এছাড়াও কাস্টিং এবং বিভিন্ন ধরনের ওয়েল্ডিংয়ের ব্যবস্থা নেই। পাশাপাশি ল্যাবে একটি এক্সপেরিমেন্ট-এর সময় গ্রুপের ২০ জনের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, যার ফলে প্রত্যেকের এক্সপেরিমেন্টটি ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়ে উঠে না। 

তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মেজারমেন্ট, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল (এমআইসি) এবং প্রোডাক্ট ডিজাইন ল্যাব কোর্স করানো হয়। এমআইসি ল্যাবে ট্যাকোমিটার, লাইটমিটার, সাউন্ডমিটার, থার্মোমিটার, ডিজিটাল মাইক্রোস্কোপ একটি করে থাকলেও বাস্তবে তা চাহিদার তুলনায় কম। অপর্যাপ্ত মেশিন সংখ্যা ও সময় স্বল্পতার কারণে শিক্ষার্থীদের ভালোভাবে প্রতিটি যন্ত্রপাতির ব্যবহার শেখাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে থিওরি ক্লাসের ন্যায় ল্যাব ক্লাসগুলোও ক্লাসরুমে সংঘটিত হওয়ায় ব্যবহারিক ক্লাসের গুণগত মান ক্ষুণ্ণ হচ্ছে।

এসব বিষয়ে ৪৬তম ব্যাচের শিক্ষার্থী নাফিস সারওয়ার খান বলেন, মেকানিক্যাল ল্যাবের কোনো এক্সপেরিমেন্ট এর ইন্সট্রুমেন্ট আমরা পাইনি। ক্লাসরুমে বসে স্লাইড দেখে দেখে ল্যাব শেখানো হয়। প্রোডাক্ট ডিজাইন ল্যাবে অন্যান্য ল্যাবের তুলনায় শেখার ক্ষেত্র বেশি। তবে এই ল্যাব কোর্সটি দুই সেমিস্টার হলে ভালো হতো। 

৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বলেন, আমাদের আইপিই ল্যাবের অধিকাংশ মেশিনই সচল না। ফলে ল্যাব এক্সপেরিমেন্টগুলো অনেকটাই থিওরি কোর্সের মতো মনে হয়। তাই এক্সপেরিমেন্টগুলোর উদ্দেশ্য সঠিকভাবে সাধিত হয় না। এছাড়া ল্যাবে পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকট রয়েছে। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ল্যাবের অনেক কম্পিউটারে সলিডওয়ার্কস, অটোক্যাডের মতো সফটওয়্যার কাজ করে না। ফলে শিক্ষার্থীদের ল্যাবে অনেক ঝামেলা পোহাতে হয়। 

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মোহাম্মাদ রফিকুর রশিদ বলেন, পুরাতন ভবনের তিন তলায় নতুন এমআইসি ল্যাব হবে যেখানে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, মেকানিকাল এবং এমআইসি এর কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। সম্প্রতি চারটি নতুন মেশিন এই ল্যাবে সংযোজন করা হয়েছে। দুটো ল্যাবের বাইরেও আরো ল্যাবের প্রয়োজন আছে। নতুন বাজেটে অর্থ বরাদ্দ পেলে আরো আধুনিক ও উন্নতমানের মেশিন কেনার এবং অচল মেশিনগুলো মেরামত করার পরিকল্পনা আছে। শিক্ষার্থীরা চাইলে ল্যাব ক্লাসের বাইরেও অন্য সময়ে ল্যাবে এসে এক্সপেরিমেন্ট করে দেখতে পারে।

ইন্সট্রাক্টরদের ট্রেনিং এবং দক্ষ ইন্সট্রাক্টরের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে সহকারী টেকনিকাল অফিসারকে সিএনসি মিলিং মেশিন এবং ইঞ্জেকশন মোল্ডিং মেশিন এর ট্রেনিং হয়েছে। সামনে ইডিএম মেশিন এর ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। দক্ষ ইন্সট্রাক্টরের সংখ্যা বাড়ানোর ইচ্ছা আছে, তবে আমাদের জনবল সংকটও আছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!