কর্মকর্তাদের মারামারি: তদন্ত কমিটি গঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সার্বজনীন পেনশন স্কিমের কর্মবিরতি কর্মসূচির অবস্থান নিয়ে দু’গ্রুপের মধ্য মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
রেজিষ্টার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজ আলম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কমিটি পাঁচ কার্যদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিচতলায় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন ব্যানার নিয়ে দাঁড়ালে অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের ওপর হামলা চালালে এ মারামারির ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে। এর আগে সকাল ৯টায় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গ্রাউন্ড ফ্লোরে ব্যানার টানালে তা ছিঁড়ে ফেলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের কতিপয় কর্মকর্তা। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রাথমিকভাবে তা থামিয়ে দেন৷ পরে নতুন ব্যানার নিয়ে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ালে অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রথমে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা চড়াও হলে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়েছেন৷