ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

পাল্টাপাল্টি কর্মসূচি এড়াতে চবিতে শাটল বন্ধ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১৬ জুলাই ২০২৪
পাল্টাপাল্টি কর্মসূচি এড়াতে চবিতে শাটল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিরূপ পরিস্থিতি তৈরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরের নির্দেশে শাটল ট্রেন বন্ধ করা হয়েছে। গতকাল (১৫ জুলাই) রাত থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রধান এ বাহনটি বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম।

অহিদুল আলম বলেন, গতকাল একটি তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একদল লোক শহর থেকে শাটল ট্রেনে করে চবিতে আসছে। এমন খবরে শাটল ট্রেন বন্ধ করে দেই। আজ সারাদিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব। যদি শৃঙ্খলা বজায় থাকে তাহলে বুধবার (১৭ জুলাই) থেকে ট্রেন চলবে।

এর আগে চবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একজন পুলিশসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া প্রক্টর অফিসের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়। 

এর আগে, ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেন থেকে কোটা আন্দোলনে চবির সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে তুলে প্রক্টরের কাছে নিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় রাফির ছাত্রত্ব বাতিলের জন্য প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করতে দেখা যায় ছাত্রলীগের অনুসারীদের। প্রক্টরিয়াল বডির সামনে তার ওপর চড়াও হয় নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!