ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের তথ্য সংগ্রহে ওয়েবসাইট

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২২ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের তথ্য সংগ্রহে ওয়েবসাইট
ছবি: ডেইলি বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের তথ্য সংগ্রহের জন্য ওয়েবসাইট তৈরি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির প্রতিনিধিরা। 

ঐদিন স্বাস্থ্য অধিদফতরের (এমআইএস) পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমানের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির প্রতিনিধি দলের পক্ষে সদস্য সচিব তারেকুল ইসলাম ও সদস্য আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান বৈঠক করে এ পদ্ধতি চালু করেন।

Advertisement

লিখিত বক্তব্যে স্বাস্থ্য উপ-কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন, প্রফেসর ড. মিজানুর রহমানের সঙ্গে বৈঠকে আহত এবং নিহতদের তথ্য সংগ্রহে গঠিত ওয়েবসাইটের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এতে প্রায় সম্পূর্ণ নতুনভাবে তৈরি একটি তথ্য সংগ্রহের সিস্টেম (ম্যানুয়াল: t.ly/3Q314) প্রদর্শন করা হয়, যাতে হাসপাতালগুলো আহত এবং নিহতদের তথ্য আপলোড করতে পারবে। 

তিনি আরো বলেন, হাসপাতাল ছাড়াও আহত এবং নিহতদের তথ্য সংগ্রহে আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেরও তথ্য ইনপুট দেওয়ার ব্যবস্থা রাখার জন্য প্রস্তাব উত্থাপন করেছি। যাতে যারা হাসপাতালের লিস্টে নেই তারাও তালিকাতে অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া নিকটস্থ সরকারি হাসপাতালেও প্রমাণ প্রদর্শনপূর্বক তথ্য দেয়া যাবে, তবে তা ভেরিফিকেশনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি উপজেলা ও সরকারি হাসপাতাল কেন্দ্রিক ভলানটিয়ার টিম কাজ করবে বলে জানান তিনি।

আহতের পরিমাণ সম্পর্কে তিনি বলেন, এমআইএস এর তথ্য অনুসারে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট এ আগের ১৫ দিনের তুলনায় সরকারি ডেটাবেজ এ ১০.৯৭৯ টি কেইস বেশি রেজিস্টার হয়েছে। নিহত শহিদদের আইডেন্টিটি প্রমাণের (যাদের ডেথ সার্টিফিকেট নেই) জন্য যথাযথ ব্যবস্থা নিতে উপজেলাভিত্তিক এবং সরকারি হাসপাতাল কেন্দ্রিক কার্যক্রম পরিচালনায় প্রতিটি জেলার সিভিল সার্জনসহ সবাইকে নির্দেশনা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

উপজেলা পর্যায়ে কাজ সম্পর্কে তারেকুল বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে আমাদের বার্তা অতি দ্রুত পৌঁছাতে আমরা লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) সোহেল মাহমুদের সঙ্গে সরাসরি বৈঠক করেছি। বৈঠকে এমআইএস এর ডেভেলপকৃত ওয়েবসাইটে তথ্য সংগ্রহের প্ল্যানিং তুলে ধরা হয়। কোন ধরনের কালক্ষেপণ ব্যতীত যথাযথ ব্যবস্থা নিবে বলেছেন লাইন ডিরেক্টর।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!