ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৪
মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালাটির মাধ্যমে টাঙ্গাইলের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সঠিক পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। কর্মশালার প্রথমদিন হিসেবে আজ (শুক্রবার) টাঙ্গাইল শহরে অবস্থিত সরকারি কুমুদিনী কলেজে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়।

ঐ সেশনে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রাশেদ রায়হান। তিনি শিক্ষার্থীদের সামনে আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন এবং কীভাবে এসব প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

Advertisement

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে বক্তাদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সঠিক তথ্য জানতে পারেন।

সেশনের শেষে ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাক্ষেত্র ও পেশাগত জীবনে আরো দক্ষ হয়ে উঠতে পারি। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত সহায়ক হবে। যথাযথ সচেতনতার অভাবে অনেকে জেনে না জেনেই নিজের ক্ষতি ডেকে আনছে। তাই আমরা শিক্ষার্থীদের সচেতন করতে এ কর্মশালা করছি।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচেতনতা কর্মশালায় অংশ নেয়া মিম নামের এক শিক্ষার্থী জানান, শিক্ষার্থীদের  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বর্তমানে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করা সম্ভব হচ্ছে না কারণ সবাই এর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন নয়। আর তাই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে এবং এর অপব্যবহার রোধে যথেষ্ট সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি সুস্থ সমাজ, জাতি ও দেশ গড়ে তোলা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!