ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

আর্থ ক্লাবের আয়োজন: প্লাস্টিকের বিনিময়ে বই-গাছ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৩, ৩ অক্টোবর ২০২৪
আর্থ ক্লাবের আয়োজন: প্লাস্টিকের বিনিময়ে বই-গাছ
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের আয়োজনে আয়োজিত হয়েছে ‘গ্রিন টার্নিং ২.০’। আয়োজনে দেখা যায়, বিভিন্ন বই আর গাছের পাশে অপেক্ষা করছিলেন দুই শিক্ষার্থী। কেউ নিদিষ্ট পরিমাণ প্লাস্টিক নিয়ে গেলেই বিনিময়ে তাদের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন একটি করে বই কিংবা গাছ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে দেখা গেল এমন চিত্র। প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে সচেতনতামূলক এই উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী এই সংগঠন। 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘গ্রিন টার্নিং ২.০’ মূলত প্লাস্টিক এক্সচেঞ্জ ইভেন্ট যেখানে শিক্ষার্থীরা এক কেজি বা সমপরিমাণ প্লাস্টিক দিয়ে পছন্দমতো বই বা গাছ নেয়ার সুযোগ পাচ্ছে। আমাদের এই ইভেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে, প্লাস্টিকগুলো যাতে ক্যাম্পাসের যেখানে সেখানে ফেলা না হয় সেই বিষয়ে সচেতনতা তৈরি।

তারা আরো বলেন, সাধারণত দেখা যায়- আমরা কোক কিংবা জুস খেয়ে সেই প্লাস্টিকগুলো যেখানে সেখানে ফেলে দিই। সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ইভেন্টের ফলে আমরা এমন রেসপন্সও পেয়েছি যে, শিক্ষার্থীরা প্লাস্টিকগুলো যেখানে সেখানে না ফেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডাস্টবিনে কিংবা নিজেদের মতো করে রিসাইকেল করছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাইমা নিহা বলেন, আমার কাছে বেশকিছু প্লাস্টিকের বোতল ছিল। অপ্রয়োজনীয় হওয়ায় আমি বোতলগুলো এই ইভেন্টে জমা দিই, পরিবর্তে একটা বই উপহার পেয়েছি। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ আমাদের ক্যাম্পাস এবং সর্বোপরি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো ‘গ্রিন টার্নিং ২.০’ ইভেন্টটি পালিত হচ্ছে। প্রথমবার এই ইভেন্টের মাধ্যমে ২৫ কেজি প্লাস্টিক সংগৃহীত  হয়েছিল এবং প্রায় ৩০ জন শিক্ষার্থীকে তাদের প্লাস্টিক এর বিনিময়ে বই কিংবা গাছ উপহার দেয়া হয়েছিল।  

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!