ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আবরার ফাহাদের স্মরণে আট স্তম্ভ যেমন হবে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ৭ অক্টোবর ২০২৪
আবরার ফাহাদের স্মরণে আট স্তম্ভ যেমন হবে
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাসের জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশীতে ফের আগ্রাসন বিরোধী স্তম্ভের পুনর্নির্মাণের উদ্বোধনও করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে পলাশীর মোড়ে আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ঐ উদ্বোধন করা হয়।

জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদ হত্যার বার্ষিকী উপলক্ষে তার স্মরণে বুয়েটের পলাশী এলাকায় ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’র ব্যানারে আখতার হোসেনের নেতৃত্বে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। অনুমতি ছাড়া ও ‘অপরিকল্পিতভাবে’ সড়কের মধ্যে এ স্মৃতিস্তম্ভ স্থাপন করার একদিন পর তা গুঁড়িয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

Advertisement

দীর্ঘ চার বছর পর ফের পলাশী মোড়ে আটস্তম্ভের পুনর্নির্মাণে নামফলক উন্মোচন করা হয়। এ সময় আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেনের বলেন, আবরার ফাহাদ একক কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। আবরার ফাহাদের খুনিদের গ্রেফতার করলেও বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, অতিদ্রুত খুনিদের বিচার সম্পন্ন করতে হবে। খুনিদের মধ্যে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশে কোনো দেশের আগ্রাসন চলতে দেওয়া হবে না। ভারতীয় আগ্রাসনকে বাংলাদেশ মেনে নেবে না। এ সময় তিনি ৭ অক্টোবরকে রাষ্ট্রীয়ভাবে ‘আগ্রাসন বিরোধী দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান।

তিনি আরো বলেন, আমরা দীর্ঘ চার বছর পর ফের স্তম্ভের পুনর্নির্মাণ করতে পেরে খুব খুশি লাগছে। সেইদিন কিছু মানুষ ছিল, আজ অনেক মানুষ রয়েছে।

পুনর্নির্মিত হতে যাওয়া আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভে লিখা থাকবে— ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ঐ উক্তি ব্যবহার করেছিলেন। এবং আট স্তম্ভে লিখা থাকবে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।  

জানা গেছে, এই আট স্তম্ভে লিখাগুলো কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের দেওয়া।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ৬ অক্টোবর তারিখে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরবর্তীতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ আবরার ফাহাদ হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে ঢাকার চকবাজার থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!