ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ৮ শিক্ষার্থীর আমরণ অনশন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৪ অক্টোবর ২০২৪
ঢাবিতে ৮ শিক্ষার্থীর আমরণ অনশন
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃষ্টিতে ভিজে আমরণ অনশন শুরু করেছেন ৮ শিক্ষার্থী। স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস প্রদান না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি শুরু করেন ঐ শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে অনশন চালিয়ে যেতে থাকেন তারা।

সরেজমিন দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন এবং অন্যান্য প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী রাজু ভাস্কর্যের মূল বেদিতে বসে আছেন। এ সময় তাদের বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডায় কাঁপতে দেখা যায়। ত্রিপল বা ছাতার নিচে বসে অনশন করতেও অপরাগতা প্রকাশ করেন তারা।

Advertisement

অনশনকারীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজোয়ান আহমেদ রিফাত, আইন বিভাগের শিক্ষার্থী ও সহ-সমন্বয়ক আশিকুর রহমান জীম, আইন বিভাগের শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সহ-সমন্বয়ক রিফাত রিদওয়ান, একই বিভাগের শিক্ষার্থী ও সহ-সমন্বয়ক মো. আরমানুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসাইন ইমন, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী সুহাইল মাহদীন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজোয়ান আহমেদ রিফাত বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেফতারে কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়া হয়নি। স্বৈরাচারের কথায় যারা আমাদের ওপর হামলা করেছে, অসংখ্য নিরপরাধ মানুষকে শহিদ করেছে তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে আমরা অনশনে বসেছি। 

সহ-সমন্বয়ক আশিকুর রহমান জীম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এখানে এসে যদি আমাদের আশ্বস্ত না করেন তাহলে আমরা এখান থেকে সরবো না। তিনি অফিসে বসে ঘোষণা দিলেও হবে না। আমরা চাই তিনি এখানে এসে আমাদের নিশ্চিত করবেন যে সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার করা হবে। অন্যথায় আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাবো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!