ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিতার্কিকরা গণতান্ত্রিক দেশ গড়তে সাহায্য করে: চবি উপাচার্য

বিইউপি
প্রকাশিত: ১৯:০০, ২৬ অক্টোবর ২০২৪
বিতার্কিকরা গণতান্ত্রিক দেশ গড়তে সাহায্য করে: চবি উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং রানারআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ক্লাবটির মোডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার সাব্বির হোসেন, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার আ ন ম ওয়াজেদ আলী। এছাড়া ক্লাবের সভাপতি মারজুক ই ইলাহী, এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন উপস্থিত ছিলেন।

Advertisement

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিতর্ক হচ্ছে সত্য অনুসন্ধানের প্রক্রিয়া। শহিদ মিনার থেকে জারুল তলা, এই ক্যাম্পাসের সর্বত্রই আমাদের শিক্ষার্থীরা বিতর্ক করবে।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান বলেন, বিতর্ক করতে হলে আমাদের অধিক পড়তে হয়, জানতে হয়। বর্তমান সময়ে সৌহার্দ্য ও যৌক্তিকভাবেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। বিতর্ক এই ক্ষেত্রে সাহায্য করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আরো বলেন, বিতর্ক একটি শিল্প। এই শিল্পের শিল্পী তথা বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে। বিতর্ক আমাদের যোগ্য পার্লামেন্টারিয়ান দিতে পারে।

আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

উল্লেখ্য, আন্তঃকলেজ ও স্কুল সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং রানারআপ পটিয়া সরকারি কলেজ। আন্তঃস্কুল সেগমেন্টে চ্যাম্পিয়ন গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং রানারআপ হয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!