ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এনআইবিতে মহাপরিচালক নিয়োগে জটিলতা, জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ২৮ অক্টোবর ২০২৪
এনআইবিতে মহাপরিচালক নিয়োগে জটিলতা, জাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজিতে (এনআইবি) মহাপরিচালক নিয়োগে জটিলতা ও বাংলাদেশে জীবপ্রযুক্তি ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘বায়োটেক মুভমেন্ট ২০২৪’ শীর্ষক দেশব্যাপী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

Advertisement

মানববন্ধনে বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি বলেন, ১৯৯৫ সালে বায়োটেকনোলজি সেক্টরটি বাংলাদেশের শুরু হলেও এখনো পর্যন্ত যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। ১৯৯৯ সালে উচ্চতর গবেষণার জন্য ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি প্রতিষ্ঠিত হয়। কিন্তু দীর্ঘ ২৫ বছরেও বায়োটেকনোলজির কোনো শিক্ষক ঊর্ধ্বতন পদে সেখানে নিয়োগ পাননি। ৬০ শতাংশের বেশি নন বায়োটেক গ্র্যাজুয়েট সেখানে কর্মরত আছে। এ বৈষম্যটি একেবারেই স্পষ্ট।

বিভাগের প্রভাষক সিয়াম আহমেদ বলেন, গত ১৫ তারিখ এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক শাহেদুর রহমানকে এনআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দুঃখজনকভাবে তিনি সেখানে যোগদান করতে পারছেন না। গত ৩০ বছরে জীবপ্রযুক্তিবিদদের প্রতি এ বৈষম্যমূলক আচরণের নিরসন চাই। দেশের কেন্দ্রীয় গবেষণা সংস্থায় একজন প্রযুক্তিবিদ নিয়োগ পাবেন না- এটা হতে পারে না।

অধ্যাপক উম্মে সালমা যোহরা বলেন, বাংলাদেশে ১৯৯৫ সালে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে এ বিভাগটি খুলেছিল। সেখানে প্রথম ব্যাচের ছাত্র ছিলেন অধ্যাপক শাহেদুর রহমান। দীর্ঘ ১০ বছর জাপানে উচ্চশিক্ষা, পিএইচডি, পোস্টডক শেষে তিনি দেশে ফিরেছেন। বাংলাদেশ বায়োটেকনোলজি শিক্ষাকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার হাত ধরেই বিএবিটি সংগঠিত হয়েছে। এমন সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন একজন মানুষকে অচিরে এনআইবির ডিজি হিসেবে দায়িত্বে যোগদান করতে সহযোগিতার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহেদুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তিনি দায়িত্বে যোগদান করতে পারেননি। শাহেদুর রহমান ২০১১ সালে জাবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বায়ো-রিসোর্সেস টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ল্যাবের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক হিসেবেও নিয়োজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!