ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাধ্যমিকে ভর্তিতে মাউশির নতুন নির্দেশনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ২৮ অক্টোবর ২০২৪
মাধ্যমিকে ভর্তিতে মাউশির নতুন নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের লোগো- ফাইল ফটো

২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের বেশকিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর  (মাউশি) ।

সোমবার মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
 
নির্দেশনায় বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি (সরকারিকরণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে টেলিটকের লিংক gsa.teletalk.com.bd-এ প্রবেশ করে টেলিটকের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।

Advertisement

তথ্য দিতে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে-

  • শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সবশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে চাওয়া তথ্য দিতে হবে।
  • কোনো শ্রেণি বা শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি করা যাবে না।
  • তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানের প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন।
  • তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোনো ধরনের অ্যানালগ নম্বর প্রদান করা যাবে না।
  • রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো ধরনের ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি হলে, তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!