এ ঘটনার প্রতিবাদে শনিবার রাত ৭টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় বাসটিকে আটক করে বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা যশোরগামী শাফিন পরিবহনের একটি লোকাল বাসের যাত্রী ছিলেন যবিপ্রবির রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্রী নুরজাহাত নাদিয়া। বাস ভাড়া নিয়ে নাদিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় সুপারভাইজারের। এক পর্যায়ে টিকিট ছিঁড়ে ফেলে হেনস্তা করেন ওই সুপারভাইজার।
.png)
ওই ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে রাত ৭টার দিকে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় বাসটিকে আটক করেন। এ সময় বাসটির গাড়িচালক, সুপারভাইজার ও হেলপারসহ অন্যান্য পরিবহন শ্রমিকদের ধাওয়া দেন শিক্ষার্থীরা। ওই ঘটনার পর থেকে বাসের হেলপার, সুপারভাইজর ও চালক পলাতক রয়েছেন।
পরে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা বাসটির সুপারভাইজারকে আটকের দাবিতে যশোর শহরের নিউমার্কেট এলাকায় মাগুরা বাসস্ট্যান্ডে অবস্থান করেন। খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর কোতোয়ালি মডেল থানার ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় অভিযুক্ত সুপারভাইজারকে আটকের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তারা।
তবে, আজ রাতের মধ্যে পুলিশ সদস্যরা অভিযুক্ত সুপারভাইজারকে আটক করতে না পারলে শিক্ষার্থীরা আটক বাসটিকে যবিপ্রবির ক্যাম্পাসে নিয়ে যাবেন মর্মে ঘোষণা করেন। পরবর্তীতে যশোর জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর ১৪ বীরের উপ অধিনায়ক মেজর মাসুদ রায়হান ঘটনাস্থলে উপস্থিত হন।