ঢাবির প্রযুক্তি ইউনিটে শূন্য আসনে ভর্তিতে সাক্ষাৎকারের সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শূন্য আসনে বিশেষ মাইগ্রেশন ও মেধাক্রম অনুযায়ী নতুনভাবে বিষয় মনোনীতদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঐ সাক্ষাৎকার বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের খালি আসনে ৭ নভেম্বর বিশেষ মাইগ্রেশন ও মেধাক্রম অনুযায়ী নতুনভাবে বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। নতুনভাবে যেসব প্রার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদরে মধ্যে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা (গুরুত্বপূর্ণ তথ্য) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
জমার রশিদের প্রিন্ট কপি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসহ নির্ধারিত তারিখ ও সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকায় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২, দ্বিতীয় তলা) সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নতুনভাবে বিষয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে মেধাক্রম ৩৪৭১ থেকে ৪৭৭৫ পর্যন্ত এবং ৪৬৩, ৪৭৮, ৭৩৩, ৭৫৯, ৮২৪, ৯৪৯, ১৬৬৫, ১৮৬৩, ২৭২৬, ৩০২০ রোল নম্বরধারী রয়েছেন।
ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। তাদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সঙ্গে আনতে হবে ভর্তিচ্ছুদের।
প্রসঙ্গত, প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ছয়টি কলেজ রয়েছে। এর মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি কলেজ এবং একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড দুটি বেসরকারি কলেজ।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থেকে জানতে পারবেন।